Sunday, December 8, 2019

বাবরি মসজিদ মামলার রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়ে আরও ৪ পিটিশন


আন্তর্জাতিক ডেস্কঃ বাবরি মসজিদের জায়গায় রামমন্দির গড়ার রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়ে এবার আরো চারটি পিটিশন দাখিল হলো ভারতের শীর্ষ আদালতে। এ নিয়ে মোট সাতটি আবেদন জমা পড়লো এখন পর্যন্ত।

রায়ের পুনর্বিবেচনার আবেদন জানিয়ে নতুন চারটি আবেদন করেছেন মিসবাউদ্দিন, মৌলানা হাসিবুল্লা, হাজি মেহবুব এবং রিজওয়ান আহমেদ। প্রকাশ্য আদালতে এই আবেদনের শুনানি হলে আবেদনকারীদের পক্ষে সওয়াল করবেন আইনজীবী রাজীব ধাওয়ান। শুক্রবার চার আবেদনকারীই দাবি করেন, বাবরি মামলার রায় সঠিক বিচার হয়নি। কোথাও গিয়ে ব্যর্থ হয়েছে বিচারব্যবস্থা। এদিকে ওই চারটি পিটিশনকেই সমর্থন জানিয়েছে অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড।

উল্লেখ্য, বিতর্কিত জমিতে রামমন্দির নির্মাণের রায়ের ২৪ দিনের মাথায় বাবরি নিয়ে প্রথম মামলা দায়ের হয়েছিল সুপ্রিম কোর্টে। বাবরি মসজিদ মামলার রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়ে মামলা দায়ের করেছিল জমিয়তে উলামায়ে হিন্দ। সংগঠনের প্রধান মাওলানা আর্শাদ মাদানি দাবি করেছিলেন, ভারতের মুসলিমদের সংখ্যাগরিষ্ঠ অংশ এই রায় পুনর্বিবেচনার পক্ষে মত দিয়েছেন।

প্রায় একই দাবি করে রিভিউ পিটিশনের আবেদন জানায় অল ইন্ডিয়া পার্সোনাল ল বোর্ড। দুপক্ষেরই রায় পুনর্বিবেচনার আবেদনের সিদ্ধান্তের সমালোচনা করেছিলেন কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়ন বিষয়ক মন্ত্রী মুখতার আব্বাস নকভি।

মামলা দায়ের হওয়ার পর জমিয়তের শীর্ষ নেতা মাদানি বলেছিলেন, আদালতই আমাদের অধিকার দিয়েছে মামলা করার, তাই মামলা দায়ের করা হয়েছে। অযোধ্যা মামলায় বিতর্কের মূল বিষয়বস্তু ছিল মন্দির ধ্বংস করে মসজিদ তৈরি হয়েছিল কি না।

শীর্ষ আদালত তার পর্যবেক্ষণে বলেছে, মন্দির ধ্বংস করেই যে মসজিদ তৈরি হয়েছিল, এমন কোনো প্রমাণ নেই। সুতরাং মুসলিমদের অধিকার প্রমাণিত। অথচ চূড়ান্ত রায় এর বিপরীতধর্মী। আমরা রায় পুনর্বিবেচনার আবেদন জানিয়েছি। কারণ, রায় বোধগম্য হয়নি।


শেয়ার করুন

0 facebook: