Sunday, January 12, 2020

২০১৯ সালের সেরা মুসলিম ব্যক্তিত্ব তুরস্কের প্রেসিডেন্ট এরদোগানঃ নাইজেরিয়ান মুসলিম দৈনিক


আন্তর্জাতিক ডেস্ক।। সদ্য বিদায় নেয়া ২০১৯ সালের সেরা মুসলিম ব্যক্তিত্ব মনোনিত হয়েছেন তুরস্কের প্রেসিডন্ট রজব তৈয়ব এরদোগান। বিশ্বজুড়ে মুসলমানদের অধিকারের পক্ষে দাঁড়ানোয় তাকে এই খেতাব দিয়েছে নাইজেরিয়ার একটি প্রভাবশালী ইসলামপন্থী পত্রিকা।

মুসলিম নিউজ নাইজিরিয়া নামক ওই পত্রিকার প্রকাশক রাশেদ আবু বকর বলেন, আন্তর্জাতিক সম্প্রদায় ও মুসলিম বিশ্বে তিনি যে ক্ষমতা ও প্রভাবের অধিকারী হয়েছেন, তাতে এরদোগানকে এই খেতাবের জন্য পছন্দ করার মধ্যে কোনো বিতর্ক নেই।

এদিকে এর আগে ২০১৮ সালেও তাকে বিশ্বের সেরা মুসলিম ব্যক্তিত্ব ঘোষণা করেছিল পত্রিকাটি। প্রকাশক আবু বকর বলেন, বিশ্বজুড়ে তার প্রভাবের কারণেই এবারও তাকে এই খেতাবে ভূষিত করা হয়েছে।

তিনি আরও বলেন, তুরস্কের প্রেসিডেন্ট সবসময় ভুক্তভোগী ও নির্যাতিত লোকজনের পক্ষে দাঁড়ান। সিরিয়া, মিয়ানমারে রোহিঙ্গা নিপীড়ন, কাশ্মীর ও ফিলিস্তিন ইস্যুতে এরদোগানকে সবসময় সরব দেখা গেছে।

এছাড়া, মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করতে কুয়ালালামপুর সম্মেলনেরও আয়োজন করেছেন এরদোগান।

বিশ্ব মুসলিম ব্যক্তিত্বের তালিকায় আরও রয়েছেন- মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মাহাথির মুহম্মদ, সোমালি বংশোদ্ভূত মার্কিন কংগ্রেসের সদস্য ইলহান ওমর, গাম্বিয়ার প্রেসিডেন্ট আদামা ব্যারো ও তুর্কি বংশোদ্ভূত জার্মান ফুটবল তারকা মেসুত ওজিল।


শেয়ার করুন

0 facebook: