Monday, February 10, 2020

একে-২২ রাইফেল সহ শিবিরের ভয়ংকর সন্ত্রাসী সরোয়ার গ্রেফতার



স্টাফ রিপোর্ট।। চট্টগ্রামের দুর্ধর্ষ শিবির ক্যাডার সরোয়ারের কাছ থেকে একে-২২ রাইফেল, ৩০ রাউন্ড গুলি, ২ টি এলজি ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়েছে। রোববার (৯ জানুয়ারি) ভোরে পুলিশ সরোয়ারের বাড়িতে অভিযানে গেলে মাটির নিচে লুকানো অবস্থা থেকে বিপুল গুলি ও অস্ত্র উদ্ধার করে।

এরআগে শনিবার (৮ ফেব্রুয়ারি) সকালে কাতার থেকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এসে পৌঁছালে বিমানবন্দর থেকেই সরোয়ারকে গ্রেপ্তার করে ডিএমপির পুলিশ।
পরে তাকে আনতে সিএমপির বায়েজিদ থানার একটি টিম ঢাকায় যায়। শনিবার গভীররাতে তাকে নিয়ে চট্টগ্রাম পৌঁছার পর জিজ্ঞাসাবাদে অস্ত্রের সন্ধান দেয় শিবিরের ভয়ংকর সন্ত্রাসী সরোয়ার। পরে রোববর ভোর সাড়ে চারটার দিকে বায়েজিদ বোস্তামী থানার খোন্দকারাবাদ কালু মুন্সীর বাড়ির আবদুল কাদেরের বাড়ির উত্তর পাশে মাটির নিচে বিশেষ কৌশলে লুকানো থাকার কথা জানায় শিবির ক্যাডার সরোয়ার।

এসময় সেখান থেকে একটি একে ২২ রাইফেল, ৩০ রাউন্ড গুলি, ২ টি এলজি ও ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়। বায়েজিদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বিষয়টি নিশ্চিত করেছেন। এঘটনায় তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের হচ্ছে বলেও জানান ওসি।

পুলিশের তথ্যমতে, শিবিরের দুর্ধর্ষ ক্যাডার সরোয়ার হোসেনের বিরুদ্ধে খুন, অপহরণ, চাঁদাবাজি, অস্ত্রসহ বিভিন্ন অপরাধে বায়েজীদ, পাচলাইশ, চাঁন্দগাও থানায় একাধিক মামলা রয়েছে। একাধিক মামলায় দীর্ঘদিন কারাগারে থাকার পর ২০১৭ সালের ১ সেপ্টেম্বর জামিনে বেরিয়ে যান তিনি। পরে পালিয়ে কাতার চলে যায়। কাতারে বসে দুর্ধর্ষ আরেক শিবির ক্যাডার ম্যাক্সন সহ চাঁদাবাজি করত বলে অভিযোগ রয়েছে।

অতিরিক্ত পুলিশ কমিশনার শ্যামল কুমার নাথ জানায়, হঠাৎ করেই সরোয়ার দেশে আসবে এমন তথ্য পুলিশের কাছে ছিল। গতকাল ঢাকায় শাহজালাল আর্ন্তজাতিক বিমানবন্দরে নামার পর গ্রেপ্তার হয় সে। তাকে চট্টগ্রাম নিয়ে আসা হলে তার তথ্য মতে, নগরীর বায়েজীদ এলাকায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ। এ সময় কালু মুন্সীর এলাকার আব্দুল কাদেরের বাড়ির উত্তর পাশের মাটির নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় এসব অস্ত্র উদ্ধার করা হয়। তবে হঠাৎ করে কি উদ্দেশে সে দেশে এসেছে সেই বিষয়ে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে শ্যামল কুমার নাথ।

তবে, এই দুর্ধর্ষ সন্ত্রাসী গ্রেপ্তার হওয়ায় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি আসবে বলে জানায় পুলিশের এই কর্মকর্তা।


শেয়ার করুন

0 facebook: