Tuesday, February 25, 2020

ক্যাসিনোবিরোধী অভিযানে ৫ সিন্দুকভর্তি টাকা, স্বর্ণালংকার ও ক্যাসিনো সামগ্রী উদ্ধার


স্টাফ রিপোর্ট।। ক্যাসিনো বিরোধী অভিযানে রাজধানীর নারিন্দায় একটি বাড়ি থেকে বিপুল পরিমাণ নগদ টাকা, বিদেশি মুদ্রা, ক্যাসিনো সরঞ্জাম ও স্বর্ণালংকার জব্দ করেছে র‌্যাব। ক্যাসিনোকাণ্ডে জড়িত গেন্ডারিয়া থানা আওয়ামী লীগের সাবেক সহ সভাপতি এনামুল হক ও যুগ্ম সাধারণ সম্পাদক রূপন ভূঁইয়ার বাড়ি থেকে এসব জব্দ করা হয়। 

সোমবার(২৪ ফেব্রুয়ারী) রাতে গোপন সংবাদের ভিত্তিতে রাজধানীর পুরনো ঢাকার নারিন্দার লালমোহন শাহ স্ট্রীটের ১১৯ নম্বর বাড়িতে অভিযান চালায় র‌্যাব। নীচ তলার পরিত্যাক্ত কক্ষের ৫টি সিন্দুক থেকে নগদ প্রায় ২০ কোটি টাকা, ৫ কোটি টাকার এফডিআর, জুয়া খেলার সরঞ্জামসহ স্বর্নালংকার জব্দ করা হয়।

গত বছরও তাদের আরও একটি বাড়িতে অভিযান চালিয়ে ৫ কোটি টাকা উদ্ধার করে র‌্যাব। সে সময় আগ্নেয় অস্ত্র ও ৮ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়। অস্ত্র ও মানিলন্ডারিং মামলায় তারা দুই ভাই এখন কারাগারে রয়েছে।

রাজধানীতে এই দুই ভাইয়ের নামে ১৫টির অধিক বাড়ি এবং অন্যান্য জায়গায় পর্যায়ক্রমে অভিযান চালাবে র‌্যাব বলে জানান র‌্যাব-৩ ডিরেক্টর লে. কর্নেল রাকিবুল হাসান।

এনু এবং রুপণ ছাড়াও এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা সে বিষয়েও তদন্ত করবে বলে জানান র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম। র‌্যাব জানিয়েছে, এই বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


শেয়ার করুন

0 facebook: