Sunday, March 1, 2020

পাপিয়াদের পেছনে যারা রয়েছে তাদেরকেও নজরদারিতে রাখা হয়েছেঃ ওবায়দুল কাদের



স্টাফ রিপোর্ট।। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পাপিয়াদের পেছনে যারা আছেন তারাও নজরদারির বাইরে নয়। তিনি বলেন, শুধু পাপিয়া নয়- অপকর্ম, সন্ত্রাস, দুর্নীতি ও মাদকের সঙ্গে যারাই জড়িত তারা নজরদারিতে আছেন। টার্গেট পূরণ না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত থাকবে। আওয়ামী লীগ সভাপতির ধানমণ্ডির রাজনৈতিক কার্যালয়ে শনিবার সকালে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, দেশের যে কোনো প্রান্তে হোক- অপকর্ম, সন্ত্রাস, দুর্নীতি, সন্ত্রাসবাদ ও মাদকের সঙ্গে দলের লোকজন যদি জড়িত থাকে সেও রেহাই পাবেন না। তারা ইতিমধ্যে নজরদারিতে চলে এসেছেন। থেমে থেমে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হবে। এছাড়া এ অপকর্মের পেছনে যারা কলকাঠি নাড়ছেন তারাও রেহাই পাবেন না।

বিএনপির বিক্ষোভ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি কার বিরুদ্ধে বিক্ষোভ করছে? তারা বিক্ষোভ করছে আদালতের বিরুদ্ধে। এ বিক্ষোভ কোনো রাজনৈতিক নেতা বা দলের বিরুদ্ধে নয়। আদালত খালেদা জিয়াকে জামিন দেননি বলেই তারা এ কর্মসূচি পালন করছে। এটা আদালতের বিরুদ্ধে অঘোষিত একটা কর্মসূচি।

বিদ্যুৎ ও পানির মূল্য বৃদ্ধিসংক্রান্ত এক প্রশ্নের উত্তরে ওবায়দুল কাদের বলেন, পানি ও বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতেই কিছুটা দাম বাড়ানো হয়েছে। কারণ সরকার বিদ্যুতে যেমন ভর্তুকি দিচ্ছে পানিতেও সেরকম ভর্তুকি দিতে হচ্ছে। তবে বিদ্যুতের ক্ষেত্রে কৃষকের ভর্তুকি খুব কম ধরা হয়েছে। মুজিববর্ষে আমরা শতভাগ বিদ্যুতের ব্যবহার নিশ্চিত করতে চাই। প্রত্যেক ঘরে আমরা বিদ্যুতের আলো জ্বালাতে চাই। সামনে গরমের সিজন, লোকজন যেন কষ্ট না পায় সেজন্য আমরা বিদ্যুৎ ব্যবস্থা নিরবচ্ছিন্ন করতে চাই। একটু কষ্ট হলেও জনগণ এর সুবিধা পাবেন।

পদ্মা সেতুর নির্মাণকাজ প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে সেতুমন্ত্রী বলেন, প্রায় এক হাজারের মতো চীনের অধিবাসী পদ্মা সেতুতে কাজ করে। এখান থেকে ১৫০ জন ছুটিতে দেশে গেছে। যদি ২ মাসের মধ্যে করোনাভাইরাসের কোনো উন্নতি না হয় তাহলে পদ্মা সেতুর কাজে সামান্য বিঘ্ন ঘটবে।

অপর এক প্রশ্নের উত্তরে তিনি বলেন, পদ্মা সেতুর কাজ থেমে থাকবে না। কয়েকদিন আগে ২৫তম স্প্যান বসানো হয়েছে। আগামী সপ্তাহে আরেকটি স্প্যান বসার কথা। তারা যদি ছুটি থেকে না আসতে পারেন তাহলে কাজের কিছুটা সমস্যা হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সম্পাদক প্রকৌশলী আবদুস সবুর এবং উপদফতর সম্পাদক সায়েম খান।


শেয়ার করুন

0 facebook: