Thursday, December 12, 2019

৪ মাস ধরে কাশ্মীরের বিখ্যাত জামে মসজিদে জুমার নামাজ বন্ধ


আন্তর্জাতিক ডেস্ক।। কাশ্মীরের শ্রীনগরের বিখ্যাত জামে মসজিদ চার মাসেরও অধিক সময় ধরে বন্ধ রয়েছে। মুসল্লিদের ভীড়ে যেখানে গমগম করত মসজিদ প্রাঙ্গণ, সেখানে যেন আজ পাখিদের উড়ে যাওয়াও নিষেধ। মসজিদের চারপাশে বন্দুক হাতে পাহারায় পুলিশ।

আলজাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে, আল জাজিরার এক সাংবাদিক শূন্য মসজিদের ছবি তুলতে গেলে তেড়ে আসে এক পুলিশ। পুলিশ বলতে থাকে, ‘আপনি সাংবাদিক? তাহলে ছবি তুলবেন না, দ্রুত চলে যান। সেনারা দেখলে আপনাকে আস্ত রাখবে না।

ভারতে সংখ্যালঘুদের অধিকার নিশ্চিতের অজুহাতে সংসদে যখন পাস হচ্ছে নাগরিকত্ব বিল, তখন কাশ্মীরে দীর্ঘ পাঁচ মাস ধরে সাংবিধানিক অধিকার খর্ব করছে নরেন্দ্র মোদি সরকার। জামে মসজিদের প্রতিবেশী খালিদ বশির গুরা বলেন, ‘সরকার মসজিদকে নিজেদের জন্য হুমকি মনে করে। আমাদের ধর্ম পালন করা সাংবিধানিক অধিকার। কিন্তু সরকার তা লঙ্ঘন করছে।

১৯৬৩ সাল থেকে শ্রীনগরের এই জামে মসজিদে ইমামতি করেন ৮০ বছর বয়সী ইমাম সৈয়দ আহমদ নকশবন্দী। এই চার মাস ধরে তিনি জামে মসজিদ থেকে পাঁচ কিলোমিটার দূরে আরেক মসজিদে ইমামতি করছেন। প্রবীণ এই ইমাম আল জাজিরাকে বলেন, ‘জামে মসজিদে নামাজ পড়ার সুখই আলাদা। এই সুখ অন্য কোথাও অনুভব করা শক্ত। আমি সেখানে উপস্থিতি দারুণভাবে মিস করি।

জামে মসজিদ পরিচালনা কমিটির সদস্য সৈয়দ রহমান শামস বলেন, ‘এই প্রথমবার মসজিদটি বন্ধ হয়নি। বরং ২০১৬ সালেও একবার বন্ধ করে দেয়া হয়েছিল। তবে এবারের মতো এত দীর্ঘ সময় বন্ধ ছিল না।

উল্লেখ্য, ৫ আগস্টে কাশ্মীরে ৩৭০ ধারা বাতিলের পর থেকেই বন্ধ করে দেয়া হয় বিখ্যাত এই জামে মসজিদটি। চার মাস পেরিয়ে গেলেও এখনো মিনার থেকে উচ্চারিত হয় না আজান। সড়কে সড়কে সেনা তো আছেই, শুধু মসজিদের জন্যও বসানো হয়েছে সশস্ত্র প্রহরা।


শেয়ার করুন

0 facebook: