Thursday, December 12, 2019

ভারতে নারীঘটিত যৌন নির্যাতন মামলায় শীর্ষে বিজেপির হিন্দুত্ববাদি নেতারা


আন্তর্জাতিক ডেস্ক।। ভারতে নারীঘটিত যৌন নির্যাতনের অপরাধের ক্ষেত্রে সবচেয়ে বেশি মামলা রয়েছে বিজেপির সাংসদ ও বিধায়কদের বিরুদ্ধে। আর রাজ্যওয়ারি এই সংক্রান্ত মামলায় শীর্ষে রয়েছে পশ্চিমবঙ্গ।

বর্তমান সাংসদ ও বিধায়কদের ৪৮৯৬টি নির্বচনী হলফনামার মধ্যে ৪৮২২টি খতিয়ে দেখে স্বেচ্ছাসেবী সংস্থা অ্যাসোসিয়েশন ফর ডেমোক্রাটিক রিফর্মস (এডিআর) এবং ন্যাশানাল ইলেকশন ওয়াচ এই তথ্য প্রকাশ করেছে।

নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সময় প্রার্থীদের নির্বাচন কমিশনে যে হলফনামা জমা দিতে হয়, সেখানে তাদের জানাতে হয় নিজেদের বিরুদ্ধে থাকা মামলার তালিকা। গত পাঁচ বছরের ৭৭৬ জন সাংসদের মধ্যে ৭৫৯ জনের এবং ৪১২০ জন বিধায়কের মধ্যে ৪০৬৩ জনের হলফনামার বিশ্লেষণ করে পাওয়া তথ্যে জানা গেছে, নারীঘটিত অপরাধ সবচেয়ে বেশি দেশের শাসক দল বিজেপিতে।

সমীক্ষা থেকে আরও জানা গেছে, দেশে নারীদের বিরুদ্ধে অপরাধে অভিযুক্ত সাংসদ-বিধায়কের সংখ্যা পশ্চিমবঙ্গেই সবচেয়ে বেশি। সংখ্যাটি হল ১৬। দ্বিতীয় স্থানে রয়েছে ওড়িশা এবং মহারাষ্ট্র। তাদের এমন সাংসদ-বিধায়কের সংখ্যা ১২। গত পাঁচ বছরে পশ্চিমবঙ্গে ৬৯ জন নারী নিগ্রহে অভিযুক্ত ব্যক্তি ভোটে লড়েছেন বলে জানা গেছে। যে সব দলের নেতৃত্বে মহিলারা রয়েছেন, সেই কংগ্রেস, বিএসপি এবং তৃণমূল কংগ্রেসও এমন অভিযুক্তদের প্রার্থী করেছে।


শেয়ার করুন

0 facebook: