Tuesday, February 11, 2020

প্রাণনাশের হুমকি দিয়ে ছাত্রকে বলাৎকার, কওমি মাদরাসা শিক্ষক গ্রেফতার


স্টাফ রিপোর্ট।। খাগড়াছড়ির মাটিরাঙ্গায় এক কওমি মাদরাসা ছাত্রকে বলাৎকারের অভিযোগে নতুনপাড়া ক্বেরাতুল কোরআন হাফিজিয়া মাদরাসার (কওমি) মো. বেলাল হোসেন নামে এক শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার রাতে তাকে আটক করা হয়

মো. বেলাল হোসেন খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মৃত সফর আলীর ছেলে। সে নতুনপাড়া ক্বেরাতুল কোরআন হাফিজিয়া মাদরাসার (কওমি) হেফজ বিভাগের শিক্ষক ও নতুনপাড়া জামে মসজিদের ইমাম।

জানা যায়, নির্যাতিত ছাত্রটি ওই কওমি মাদরাসার হোস্টেলে থেকে হেফজ বিভাগে পড়াশুনা করতো। তাকে বিভিন্ন সময় আদর করার ছলে বলাৎকার করার চেষ্টা করে। কয়েকমাস ধরে অভিযুক্ত শিক্ষক একাধিকবার যৌন কামনা চরিতার্থ করার জন্য তাকে বলাৎকার করে।

বিষয়টি যেন কাউকে না জানায় সেজন্য তাকে মারধর করত এমন কি প্রাণনাশেরও হুমকি প্রদান করে বলে জানিয়েছে নির্যাতিত শিক্ষার্থীর ফুফু। সম্প্রতি বাড়িতে গিয়ে তার ফুফুর কাছে শিক্ষকের এমন নোংরা কর্মকাণ্ড খুলে বলার পর বৃহস্পতিবার বিচার চেয়ে নতুনপাড়া সমাজ কমিটি ও মাদরাসা কমিটির কাছে আবেদন করেন ফুফু।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ওসি মো. শামছুদ্দিন ভূইয়া বলেন, এ ঘটনায় শুক্রবার রাতে ওই ছাত্রের ফুফু খালেদা বেগম বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে ওই মাদরাসা শিক্ষককে আটক করে পুলিশ। অভিযুক্ত শিক্ষককে আজ শনিবার আদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি নির্যাতিত ছাত্রকে ডাক্তারি পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হবে বলেও জানান তিনি।


শেয়ার করুন

0 facebook: