Tuesday, January 28, 2020

আজহারী-মাজহারী জামাতের প্রচারণা চালাচ্ছেঃ ধর্ম প্রতিমন্ত্রী


স্টাফ রিপোর্ট।। ধর্ম প্রতিমন্ত্রী অ্যাডভোকেট শেখ মো. আব্দুল্লাহ বলেছেন, জামায়াতের অর্থে শিক্ষিত হয়ে কতিপয় আলেম মিজানুর রহমান আজহারী কৌশলে ইসলামের ভুল ব্যাখ্যা দিয়ে দেশের জনগণকে বিভ্রান্ত করছে। ধর্ম মন্ত্রণালয় এ ব্যাপারে সজাগ আছে। ইসলামের ভুল ব্যাখ্যাকারীদের বাংলাদেশ থেকে বিতাড়িত করা হবে।
তিনি বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এ দেশের বিভিন্ন জায়গায় পাশাপাশি মসজিদ ও মন্দিরে সম্প্রীতি বজায় রেখে যার যার ধর্ম সঠিক ভাবে পালন করছেন।
মঙ্গলবার দুপুরে জামালপুর সদরে নির্মাণাধীন কাচারী শাহী জামে মসজিদ ও সদর উপজেলা মডেল মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন।
আলোচিত ইসলামি বক্তা ড. মিজানুর রহমান আজহারীকে ‘জামায়াতের প্রোডাক্ট’ উল্লেখ করে ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ বলেন, বিভিন্ন ওয়াজ মাহফিলে অত্যন্ত সুক্ষ্মভাবে জামায়াতের প্রচারণা চালাচ্ছেন আজহারী-মাজহারীসহ কিছু বক্তা।
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ বলেন, বর্তমানে প্রকাশ্যে জামায়াতের রাজনীতির সুযোগ না থাকায় কৌশলে বিভিন্ন ওয়াজ মাহফিলে জামায়াতের পক্ষে কথাবার্তা বলছেন এ সব বক্তা। তারা কোরআন-হাদিসের যে সব ব্যাখ্যা দেন তার অধিকাংশই মিথ্যা এবং আজেবাজে কথা।
সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়া সহজ উল্লেখ করে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশের মানুষকেও সরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার আহ্বান জানান ধর্ম প্রতিমন্ত্রী।
এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ও জেলা পরিষদের চেয়ারম্যান ফারুক আহাম্মেদ চৌধুরী তার সঙ্গে ছিলেন।
বিকালে ধর্ম প্রতিমন্ত্রী মেলান্দহ উপজেলা মডেল মসজিদের নির্মাণ কাজ পরিদর্শন ও জামিয়া হুসাইনিয়া আরাবিয়া মাদ্রাসার ৬০ বছরপূর্তি উপলক্ষে আয়োজিত ইসলামী মহাসম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন।


শেয়ার করুন

0 facebook: